রিপোর্টার: মুফতি আল আমিন
নরসিংদীর বেলাবো উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ হামিদ মিয়ার বাড়িতে হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা-পয়সা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দৃষ্টিপ্রতিবন্ধী হামিদ মিয়া ও তার পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারটির আর্থিক অবস্থা আগে থেকেই দুর্বল ছিল বলে জানা গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।


