নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বাসিন্দা মোস্তফা-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার সায়রকোটিপাড়া এলাকার বাসিন্দা সাথী বেগম। ঘটনাটি নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাথী বেগমের দাবি, কাজের সূত্রে তারাগঞ্জে অবস্থানকালে মোস্তফার সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার বছর ধরে এ সম্পর্ক চলমান ছিল বলে তিনি জানান। এ সময় মোস্তফা তাকে বিয়ের আশ্বাস দেন এবং ভবিষ্যতে একসঙ্গে সংসার করার প্রতিশ্রুতি দেন বলেও অভিযোগ করেন তিনি।
সাথী বেগমের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন সম্পর্ক থাকার পর হঠাৎ করেই মোস্তফা যোগাযোগ কমিয়ে দেন এবং বর্তমানে সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করছেন। এতে তিনি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। তার বক্তব্য, “চার বছর সম্পর্ক রাখার পর এখন অস্বীকার করা অন্যায়। আমি চাই সে আমাকে স্ত্রীর মর্যাদা দিক, আমার দায়িত্ব নিক এবং সংসার করুক।”
এদিকে মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, বিয়ের কোনো ঘটনা ঘটেনি এবং তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। বিবাহ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র নেই বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অনেকে মনে করছেন, বিষয়টি পারিবারিক বা সামাজিকভাবে সমাধান না হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুরাহা হওয়া প্রয়োজন।